আজ মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে চুরির অপবাদ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা  

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ০১:১১ পূর্বাহ্ণ
সৈয়দপুরে চুরির অপবাদ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা  

Manual4 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে গরু চুরির অপবাদ সহ্য করতে না পেরে রোকনুজ্জামান নামে এক ফল ব্যবসায়ী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত রোকনুজ্জামান প্রতিদিনের মতো ফল ব্যবসা শেষে রাতে বাড়িতে ফেরেন। এ সময় প্রতিবেশী এক যুবক তাকে ডেকে নিয়ে যান। পরে রাতে জানা যায়, প্রতিবেশী আব্দুর রশিদের একটি গরু চুরি হয়েছে এবং ওই ঘটনার সঙ্গে রোকনুজ্জামান জড়িত ছিল এমন অভিযোগ তোলা হয়।
পরিবারের অভিযোগ, ওই রাতেই বোতলাগাড়ী ইউনিয়ন ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একটি গ্রাম্য সালিস বসান। সেখানে গরু চুরির অভিযোগে রোকনুজ্জামানের ওপর ২ হাজার ২০০ টাকা জরিমানা আরোপ করে বিষয়টি মীমাংসা করা হয়।
পরদিন সকালে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় গরু চোর রোকনুজ্জামানকে এলাকা থেকে বের করে দেওয়া হবে। এই ঘোষণায় মানসিকভাবে ভেঙে পড়ে তিনি নিজ ঘরে গলায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো.রেজাউল করিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।