আজ মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বসুন্ধরা শপিংমলে শত শত ক্রেতাদের ভিড়ের মধ্যে ৬ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

editor
প্রকাশিত মে ২৭, ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ণ
বসুন্ধরা শপিংমলে শত শত ক্রেতাদের ভিড়ের মধ্যে ৬ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ৬ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) ঈদের আগের দিন বিকেলে শপিংমলে ক্রেতাদের ভিড়ের মধ্যেই এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শত শত মানুষের উপস্থিতিতে হঠাৎ করেই যুবকটি নিচে পড়ে যান। তবে তিনি কীভাবে বা কেন পড়ে গেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শপিংমলের এক নিরাপত্তাকর্মী জানান, তিনি কমপ্লেক্সের দক্ষিণ কোণে ডিউটি করছিলেন। হঠাৎ অপর পাশে দেখতে পান ৬ তলা থেকে একজন যুবক লাফ দেয়ার ভঙ্গিতে মুহূর্তের মধ্যেই নিচে পড়ে গেছেন।

তিনি জানান, যুবকের হাতে মেয়েদের ছোট ভ্যানিটিব্যাগ সদৃশ কিছু একটা ছিল বলে তার মনে হয়েছে।

শপিং কমপ্লেক্সর নিচ তলার একটি দোকানের কর্মী রাজিবুল ইসলাম বলেন, ‘ঈদে কেনাকাটায় ব্যস্ত সবাই। এর বাইরে খুব বেশি খেয়াল করা হয় না। তবে, একটা আওয়াজ শুনে বাইরে তাকিয়ে দেখি একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সম্ভবত তখনই তিনি মারা গেছেন। অনেকেই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান।’

Manual1 Ad Code

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় ২৭ বছর বয়সী অজ্ঞাত এক যুবককে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শপিং কমপ্লেক্সের সিনিয়র জিএম (হেড অফ অপারেশন) মেজর মিজান বলেন, ‌‘ছেলেটি ৭ তলা থেকে আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দেয়। তার পরিচয়ও জানা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে দুজন গার্ডের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশকে খবর দেয়া হয়েছে। আমরা জেনেছি তার কাছে একটা মোবাইল পাওয়া গেছে।’

Manual1 Ad Code

তবে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ক্যাশৈন্যু মারমা বলেন, ‘মৃত্যুর ঘটনাটি আমরা নিশ্চিত হতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।’

ঈদের ঠিক আগের দিন জনাকীর্ণ কমপ্লেক্সে এমন ঘটনায় প্রত্যক্ষদর্শী অনেকেই স্তম্ভিত হয়ে পড়েন। বেশ কিছু সময় কমপ্লেক্সের পরিবেশ ভারী হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর পরিবেশ স্বাভাবিক হয়।সুএ: ইত্তেফাক