২ দিন বাকি; পরিসংখ্যানে ২০২৬ বিশ্বকাপ: রেকর্ড, মাইলফলক ও ইতিহাস
২ দিন বাকি; পরিসংখ্যানে ২০২৬ বিশ্বকাপ: রেকর্ড, মাইলফলক ও ইতিহাস
editor
প্রকাশিত জুন ১০, ২০২৬, ০১:০১ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
অপেক্ষার প্রহর শেষ হতে চলল। দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডার যৌথ আয়োজনে এবারের আসরটি শুধু কলেবরেই বড় হচ্ছে না, বরং ফুটবল ইতিহাসের পাতায় যুক্ত করতে যাচ্ছে বেশ কিছু নতুন অধ্যায়। বদলে যাওয়া ফরম্যাট আর অংশগ্রহণকারী দলের সংখ্যা বৃদ্ধি— সব মিলিয়ে টুর্নামেন্টটি হতে যাচ্ছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ।
চলুন, পরিসংখ্যানের চোখে দেখে নেওয়া যাক আসন্ন এই বিশ্বকাপের আদ্যোপান্ত:
০
কেপ ভার্দে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, আইভরি কোস্ট, কুরাসাও, সেনেগাল ও উরুগুয়ে— এই দলগুলোর কোনো ফুটবলারই নিজেদের দেশের ঘরোয়া লিগে খেলেন না। এদের পুরো স্কোয়াডই সাজানো হয়েছে বিদেশি লিগে খেলা ফুটবলারদের নিয়ে। এর ঠিক উল্টো চিত্র কাতার ও সৌদি আরবের। তাদের ২৬ জন খেলোয়াড়ের মধ্যে ২৫ জনই খেলেন নিজেদের দেশের লিগে।
১
ইতিহাসে এই প্রথম বিশ্বকাপের আয়োজক হিসেবে থাকছে তিনটি দেশ— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এর আগে কখনোই তিন দেশ মিলে বিশ্বকাপ আয়োজনের ঘটনা ঘটেনি।
৩
মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা প্রথম ভেন্যু হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে ম্যাচ আয়োজনের অনন্য কীর্তি গড়তে যাচ্ছে। ১৯৭০ ও ১৯৮৬ সালের পর এবারের টুর্নামেন্টের পর্দাও উঠবে এই আইকনিক স্টেডিয়ামে।
এদিকে, তৃতীয় দল হিসেবে টানা তৃতীয় ফাইনালে ওঠার হাতছানি রয়েছে ফ্রান্সের সামনে। ২০১৮ সালে চ্যাম্পিয়ন ও ২০২২ সালে রানার্সআপ হয়েছিল ফরাসিরা। এর আগে কেবল পশ্চিম জার্মানি (১৯৮২, ১৯৮৬, ১৯৯০) ও ব্রাজিল (১৯৯৪, ১৯৯৮, ২০০২) টানা তিনটি ফাইনাল খেলার কীর্তি গড়তে পেরেছে।
৪
এবারের বিশ্বমঞ্চে অভিষেক হচ্ছে নতুন চারটি দেশের। নবাগত এই দেশগুলো হলো— কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। এদের যুক্ত হওয়ার ফলে বিশ্বকাপে অংশ নেওয়া মোট দেশের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪টি।
৬
আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন। মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়াও ষষ্ঠবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। তবে ২০০৬ ও ২০১০ সালের আসরে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
৭
বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি মিশর। ৫ হার ও ২ ড্রয়ের রেকর্ড নিয়ে আগামী ১৬ জুন বেলজিয়ামের বিপক্ষে তারা মাঠে নামবে এই খরা কাটানোর অভিযানে। বিশ্বকাপে জয়হীন থেকে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি অবশ্য হন্ডুরাসের (নয়টি ম্যাচ)। তবে তারা এবারের আসরের টিকিট কাটতে পারেনি।
১৬
উত্তর আমেরিকার মোট ১৬টি শহর এবার বিশ্বকাপের সাক্ষী হবে। তবে মূল আয়োজক হিসেবে বেশিরভাগ ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি ভেন্যুতে খেলা গড়াবে।
১৯
ক্লাব ফুটবলের দলগুলোর মধ্যে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটির (১৯ জন)। এরপরই আছে বায়ার্ন মিউনিখ (১৮), পিএসজি (১৬), আর্সেনাল (১৬) ও বার্সেলোনা (১৫)।
২৩
১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হওয়ার পর বিশ্বকাপের সবকটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। ২৩তম বারের মতো তারা মাঠে নামতে যাচ্ছে। ৭৬টি জয়, ২৩৭টি গোল ও +১২৯ গোল ব্যবধান নিয়ে সব রেকর্ডেই শীর্ষে সেলেসাওরা।
২৫
এবারের আসরের সবচেয়ে বয়স্ক এবং সবচেয়ে তরুণ খেলোয়াড়ের বয়সের ব্যবধান ২৫ বছরেরও বেশি! টুর্নামেন্ট শুরুর দিন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডনের বয়স হবে ৪৩ বছর ১৬২ দিন। অন্যদিকে, মেক্সিকোর গিলবার্তো মোরার বয়স হবে মাত্র ১৭ বছর ২৪০ দিন।
২৫.৪৮
এবারের আসরের সবচেয়ে তরুণ দল আইভরি কোস্ট। তাদের খেলোয়াড়দের গড় বয়স ২৫.৪৮ বছর। অন্যদিকে সবচেয়ে বয়স্ক দল কলম্বিয়া, যাদের গড় বয়স ২৯.৯৮ বছর।
৩৯
দলের সংখ্যা বাড়ায় বিশ্বকাপের ব্যাপ্তিও বেড়েছে। এবারের টুর্নামেন্ট চলবে মোট ৩৯ দিন ধরে।
৪৮
ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এবার ৪৮টি দল মূল পর্বে অংশ নিচ্ছে। সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপেও দলের সংখ্যা ছিল ৩২টি।
Manual6 Ad Code
১০৪
নতুন ফরম্যাট অনুযায়ী, চারটি করে দল মোট ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়বে। ফলে মোট ম্যাচের সংখ্যা ৬৪ থেকে এক লাফে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪!
Manual8 Ad Code
২০০
ঘরোয়া লিগ হিসেবে আধিপত্য ইংল্যান্ডের। এবার বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ২০০ জন খেলেন ইংলিশ লিগগুলোতে। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির লিগ থেকে আছেন ১০৯ জন। এরপর রয়েছে ফ্রান্স (৮৬), স্পেন (৮৬), ইতালি (৭১) ও সৌদি আরব (৪৯)। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) থেকেও রেকর্ড ৪৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
Manual6 Ad Code
২২৬
ফুটবলে সবচেয়ে বেশি ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড নিয়ে বিশ্বকাপে নামবেন পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো। পাঁচটি বিশ্বকাপের আসরে গোল করা একমাত্র খেলোয়াড়ও তিনি (২২ ম্যাচে ৮ গোল)। অন্যদিকে, বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৬টি ম্যাচ খেলার রেকর্ড আর্জেন্টিনার লিওনেল মেসির। আর মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেললেই জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচও এই ক্লাবে ঢুকতে আর মাত্র দুই ম্যাচ দূরে।
৭২৭
ফিফা এবার বিশ্বকাপের জন্য রেকর্ড ৭২৭ মিলিয়ন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার এবং প্রতিটি দল অংশ নেওয়ার জন্যই ন্যূনতম ১০.৫ মিলিয়ন ডলার করে পাবে। আর গত বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪০ মিলিয়ন ডলার। সেবার চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার।
১২৪৮
এবারের আসরে ৭১টি দেশের ৪৪৯টি ক্লাব থেকে রেকর্ড ১২৪৮ জন ফুটবলার অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৩৫৭ জনের আগের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি ৮৯১ জন খেলোয়াড় এবারই প্রথম বিশ্বমঞ্চে পা রাখতে যাচ্ছেন।