আজ শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হবিগঞ্জে যোগ সেশন অনুষ্ঠিত, অংশ নিলেন ২৫০ জন

editor
প্রকাশিত জুন ২০, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হবিগঞ্জে যোগ সেশন অনুষ্ঠিত, অংশ নিলেন ২৫০ জন

Manual7 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক  :
আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশন এবং স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়, হবিগঞ্জের যৌথ উদ্যোগে হবিগঞ্জ শহরের ইসকন মন্দিরে এক বর্ণাঢ্য যোগ সেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শুরু হওয়া কর্মসূচির ধারাবাহিকতায় ১৯ জুন শুক্রবার সকালে অনুষ্ঠিত যোগব্যায়াম কর্মসূচিতে প্রায় ২৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ‘সুস্থ শরীর, প্রশান্ত মন ও আত্মিক বিকাশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যোগ প্রশিক্ষক শ্রী প্রমৌদ শাহজী ও কেশব মিত্রের নেতৃত্বে যোগব্যায়াম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। তিনি তাঁর বক্তব্যে বলেন, যোগ শুধু একটি শারীরিক ব্যায়াম নয়; এটি শরীর, মন ও আত্মার সমন্বিত বিকাশের এক প্রাচীন ও সার্বজনীন জীবনচর্চা। সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি, আত্মনিয়ন্ত্রণ এবং মানবকল্যাণে যোগের গুরুত্ব দিন দিন বিশ্বব্যাপী আরও বৃদ্ধি পাচ্ছে।
এ সময় উপস্থিত বিশেষ অতিথিরাও স্বাস্থ্যকর জীবনযাপন ও সার্বিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত যোগচর্চার ওপর গুরুত্বারোপ করেন।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, আয়ুষ মন্ত্রণালয়, বাংলাদেশে ভারতীয় হাইকমিশন, ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ এবং প্রবাসী ভারত সংযোগের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে ১৭ জুন সন্ধ্যায় ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস হবিগঞ্জ সার্কিট হাউসে পৌঁছান। পরে তিনি হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে প্রার্থনায় অংশ নেন এবং মিশনের ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ মহারাজ এবং হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়।
সন্ধ্যায় তিনি হবিগঞ্জ ইসকন মন্দিরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে চলমান প্রস্তুতি ও কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় শ্রীশ্রী নরসিংহ জিউর মন্দির (ইসকন)-এর সভাপতি উদয় গৌর ব্রহ্মচারী উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করেন।
১৮ জুন সকালে তিনি ইসকন মন্দিরে আয়োজিত যোগব্যায়াম কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
একই দিন বিকেল ৪:৪০ ঘটিকায়  তিনি বাহুবল উপজেলার ঐতিহাসিক ও পবিত্র তীর্থস্থান শ্রীশ্রী শচী অঙ্গন ধাম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রশিদপুর চা বাগান থেকে হবিগঞ্জ শিল্পকলা একাডেমির শিক্ষক বিন্দু  চাষার নিয়ে আসা তমাল বৃক্ষ  হাইকমিশনার শচীঅঙ্গন ধামে  রোপন  করেছেন।পরে সন্ধ্যায়  তিনি পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন।
হবিগঞ্জের আয়োজকরা  জানান, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সুস্থ জীবনযাপন, মানসিক প্রশান্তি ও সামাজিক সম্প্রীতির বার্তা আরও বিস্তৃত করবে।