আজ সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী শাখা ডাকঘর কর্মচারীদের মতবিনিময় সভা, ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি

editor
প্রকাশিত জুলাই ৬, ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ণ
রাজশাহী শাখা ডাকঘর কর্মচারীদের মতবিনিময় সভা, ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি

Manual2 Ad Code
দোয়েল,বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
 দুই দফা দাবিতে আগামী ৬ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি ও ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে শাখা ডাকঘর কর্মচারীরা।
শনিবার (৪ জুলাই) রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে রাজশাহী জেলা শাখা ডাকঘর কর্মচারীদের আয়োজনে এক মতবিনিময় সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
মীরগঞ্জ পোস্ট অফিসের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ও পোস্টম্যান হাফিজুর রহমানের সঞ্চালনায় এবং রাজশাহী জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি খোয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা অংশ নেন।
সভায় বক্তারা জানান, ইডি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মাসিক মাত্র ৪১০ থেকে ৪৩৫৪ টাকা পারিশ্রমিকে কাজ করে আসছেন। তাদের প্রধান দুটি দাবি হলো- বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
সভা থেকে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ যৌথভাবে আগামী সোমবার ৬ জুলাই থেকে সারাদেশের সকল শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ‘পূর্ণ কর্মবিরতি’ বা ধর্মঘটের ডাক দেয়।
রাজশাহী জেলা শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের সভাপতি খোয়াজ উদ্দিন বলেন, “সারা বাংলাদেশের প্রায় ২৩ হাজার কর্মচারীর ভাগ্য উন্নয়নের জন্য আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বাঘা উপজেলার মীরগঞ্জ পোস্ট অফিসের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ও পোস্টম্যান হাফিজুল রহমান বলেন, “ইউনিয়ন পর্যায়ে যে চিঠি আসে, তা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিই। কিন্তু সেই কাজের যথাযথ পারিশ্রমিক আমরা পাই না। আমাদের ন্যায্য দাবি সরকারকে বিবেচনা করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়খড়ি পোস্ট অফিসের পোস্টমাস্টার হজরত আলী, মোহনপুর মৌগাছি পোস্টমাস্টার ওয়াহেদ আলী, পুঠিয়া জামিরা পোস্টমাস্টার আব্দুর জলিল, চারঘাট উপজেলা ডাক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাঘা উপজেলার তেতুলিয়া পোস্টমাস্টার শামীমা আক্তারসহ রাজশাহী জেলার বিভিন্ন শাখা ডাকঘরের পোস্টমাস্টার, পোস্টম্যান ও রানার।
আন্দোলনকারীরা আরও হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে ৬ জুলাই থেকে শুরু হওয়া ধর্মঘটের পাশাপাশি জিপিও অফিস এবং প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিও দেওয়া হবে।