নাগরপুরের মামুদনগর ইউনিয়নে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
নাগরপুরের মামুদনগর ইউনিয়নে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
editor
প্রকাশিত জুলাই ১০, ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
Manual3 Ad Code
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে মামুদনগর নতুন বাজারে অবস্থিত আদর্শ সমাজকল্যাণ পরিষদ কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
কর্মসূচিতে সভাপতির বক্তব্যে টাঙ্গাইল জেলা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা। একটি গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও ভবিষ্যৎকেও সুরক্ষিত করে।”
উপজেলা যুব বিভাগের ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল বলেন, “বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”
উপজেলা যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর বলেন, “পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি আজ সময়ের দাবি। এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।”
মামুদনগর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. সালাউদ্দিন, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের সদস্য মো. আব্দুল মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগকে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক হিসেবে উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।