আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুরে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতায় যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৃত্তি পেল ৮ শিক্ষার্থী

editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
নাগরপুরে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতায় যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৃত্তি পেল ৮ শিক্ষার্থী

Manual5 Ad Code
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় আবারও শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছে। ২০২৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হওয়ার পর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৪ জন ট্যালেন্টপুলে এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
দীর্ঘদিন ধরে যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই ধারাবাহিকভাবে এমন সাফল্য অর্জিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিদ্যালয়ের একজন অভিভাবক বলেন, “বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। তাঁরা সন্তানদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দেন। এ কারণেই প্রতিবছর বিদ্যালয়টি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করছে। আজকের এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত।
বিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী ডা.এম.এ.মান্নান বলেন, যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের গর্বের ঠিকানা। উপজেলা শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি এবং ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন প্রমাণ করে বিদ্যালয়টি শিক্ষার মান ধরে রেখে এগিয়ে যাচ্ছে। এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, “উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি এবং বৃত্তি পরীক্ষায় ৮ শিক্ষার্থীর সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এ অর্জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।
উল্লেখ্য, যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিবছরই বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম ও বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে আসছে। ২০২৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি এবং এবার ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন বিদ্যালয়টির সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত করেছে। স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও সচেতন মহল বিদ্যালয়ের এ অর্জনে সন্তোষ প্রকাশ করে শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।