আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে প্রায় ৯৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ৫

editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ণ
বাহুবলে প্রায় ৯৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ৫

Manual2 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৯৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় জিরা, একটি কার্গো ট্রাক ও অন্যান্য আলামত জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানার জিডি নং-৫৮৫, তারিখ ১৩ জুলাই ২০২৬-এর সূত্র ধরে এসআই (নিঃ) ইব্রাহিম আকন্দ সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন চেকপোস্ট ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ভারতীয় সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল একটি ট্রাকে করে ঢাকা অভিমুখে নেওয়া হচ্ছে।
সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই রাত ১২টা ১৫ মিনিটে বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের রুপশংকর এলাকায় সাগর ইটভাটার উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করা হয়।
রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে ঢাকা মেট্রো-ট-১১-৭১০০ নম্বরের একটি কার্গো ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে ট্রাকটি আটক করে।
এ সময় ট্রাকের চালক মো. দেলোয়ার হোসেন এবং পাশে থাকা মেসার্স সেলিম এন্টারপ্রাইজের প্রতিনিধি নবী হোসেনকে আটক করা হয়। তাদের দেওয়া কাগজপত্র যাচাই-বাছাই করে পুলিশ আমদানি ঘোষণাপত্র (এলসি) ও মূসক চালানের মধ্যে মালামালের বর্ণনায় অসঙ্গতি খুঁজে পায়।
পরে মালামালের ক্রেতা পরিচয়দানকারী মো. রিয়াদ হোসেন, আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. ইউনুছ মিয়া এবং রিয়াদের সহযোগী মো. ফারদিন খন্দকার ঘটনাস্থলে এলে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কেউই মালামালের বৈধতা সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। একপর্যায়ে তাদেরও আটক করা হয়।
অভিযানে ট্রাকভর্তি ৩৩৩ বস্তা ভারতীয় জিরা (কে.এস. গোল্ড ব্র্যান্ড) জব্দ করা হয়। প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি হিসেবে মোট জিরার পরিমাণ ৯ হাজার ৯৯০ কেজি। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।
এছাড়া জব্দ করা হয়েছে সংশ্লিষ্ট আমদানি ও কর সংক্রান্ত বিভিন্ন নথিপত্র, একটি কার্গো ট্রাক, দুটি মোবাইল ফোনসহ অন্যান্য আলামত। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ৯৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা।
আটককৃতরা হলেন—
১. নবী হোসেন ওরফে নবীর হোসেন (৩০), সুনামগঞ্জ সদর।
২. মো. দেলোয়ার হোসেন (২৮), চাঁপাইনবাবগঞ্জ সদর।
৩. মো. রিয়াদ হোসেন (২৯), বর্তমানে নিউ ইস্কাটন, ঢাকা।
৪. মো. ইউনুছ মিয়া (২৭), সুনামগঞ্জ সদর।
৫. মো. ফারদিন খন্দকার (৩০), পশ্চিম জুরাইন, ঢাকা।
পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় জিরার বৈধ কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হওয়ায় এবং কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় বাহুবল মডেল থানায় মামলা নং-০৯, তারিখ ১৪ জুলাই ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(খ)/২৫ডি ধারায় রুজু করা হয়েছে।
বাহুবল মডেল থানার পুলিশ জানিয়েছে, চোরাচালান ও অবৈধ আমদানি-সংক্রান্ত এই মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।