ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ম্যানিপুলেশন’ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
Manual7 Ad Code
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দলটির পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম গেট থেকে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু করবে ১১ দলীয় জোট।
হামিদুর রহমান আযাদ বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদ করতে চাই। যারা অধিক সংখ্যক আসনে বিজয়ী হয়ে সুস্থ পথে না হেঁটে অসুস্থ পথে যেতে চায়, তাদের জনগণ মেনে নেবে না। আমরা চাই সংসদে সব রাজনৈতিক আলাপ হোক এবং এটাই গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হোক।
ছায়া মন্ত্রিসভার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অতীতের মতো খুনাখুনি না থাকলেও ভোটকেন্দ্রে অসুস্থ পরিবেশ ছিলো। জাল ভোট, কালো টাকার ছড়াছড়ি, হুমকি-ধমকি এবং হামলার ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব বিষয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের কাছে অভিযোগ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
জামায়াতের এই নেতা অভিযোগ করে বলেন, কর্তব্যরত অফিসার ও দলীয় কর্মীরা ব্যালটে সিল মেরেছেন বলে অভিযোগ আছে। আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে বারবার ইসিকে ও স্থানীয়ভাবে জানালেও সন্তোষজনক পদক্ষেপ দেখিনি। এছাড়া অনেক জায়গায় রেজাল্ট শিটে ঘষামাজা এবং পেন্সিলে ফলাফল লেখার মতো ঘটনা ঘটেছে।
Manual3 Ad Code
হামিদুর রহমান আযাদ জানান, ঢাকা-৮ আসনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, মামুনুল হক ও গোলাম পরওয়ারসহ ৩২টি আসনে তাদের প্রার্থীদের স্বল্প ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে। এসব আসনে ভোট পুনঃগণনার জন্য তারা নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। কমিশন তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে বলেও তিনি দাবি করেন।
Manual8 Ad Code
সংসদে যাওয়ার বিষয়ে পজিটিভ মনোভাব ব্যক্ত করে তিনি বলেন, আমরা পার্লামেন্টেও যাবো, রাজপথেও থাকব। এবারের নির্বাচনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।
নির্বাচনে সহিংসতা ও হাতিয়ায় ২০১৮ সালের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি জানান, বিজয়ীরা ঠিক পথে না চললে রাজপথে প্রতিবাদ অব্যাহত থাকবে।