“আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে এক ঘোষণা অনুষ্ঠান সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
Manual5 Ad Code
ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পরিবর্তন (চেঞ্জ) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড) রাজু ইউলিয়াম রোজারিও। বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাজা, কঞ্চিপাড়া ইউনিয়নের কাজী আমজাদ হোসেন, এরেন্ডাবাড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম এবং প্রকল্পের সুবিধাভোগী আয়েশা খাতুন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম ও ধর্মীয় নেতা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Manual1 Ad Code
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। চরাঞ্চল ও গ্রামাঞ্চলে দারিদ্র্য, কুসংস্কার ও সচেতনতার অভাবে এখনো গোপনে বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
ঘোষণাকালে জানানো হয়, আজ থেকে ফুলছড়ি উপজেলায় ১৮ বছরের আগে কোনো কন্যা এবং ২১ বছরের আগে কোনো পুত্রের বিবাহ হতে দেওয়া হবে না। কোথাও বাল্যবিবাহের প্রস্তুতি বা চেষ্টা চলছে এমন তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন, পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে ফুলছড়ি উপজেলাকে ধাপে ধাপে একটি বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।