আজ বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে অচলাবস্থার প্রতিবাদে শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ

editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
নির্বাচন নিয়ে অচলাবস্থার প্রতিবাদে শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ

Manual7 Ad Code
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা ও নির্বাচন বাধাগ্রস্তের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিবাদে নেমেছেন চা-শ্রমিকরা। চা শিল্পে চলমান অস্থির পরিস্থিতির অবসান এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বিভিন্ন চা-বাগানের কয়েক হাজার শ্রমিক অংশ নেন। মিছিলটি ভাড়াউড়া চা-বাগান এলাকা থেকে শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ভানুগাছ সড়কে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতারা শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর একটি স্মারকলিপি দেন। একই সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসকের কাছেও আরেকটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ এ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী, সহ-সভাপতি জেসমিন আক্তার, সহ-সম্পাদক রেখা বাক্তি, বালিশিরা ভ্যালীর সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, সহ-সভাপতি সবিতা গোয়ালা, মনু ধলাই ভ্যালীর সম্পাদক নির্মল পাইনকা। এ ছাড়া বিভিন্ন চা-বাগানের সভাপতি ও সম্পাদকসহ বিপুলসংখ্যক শ্রমিক কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ‘আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি কমিটি হিসেবে দায়িত্ব পালন করছি। কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নিয়মতান্ত্রিক নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছি। সাধারণ চা-শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। যেখানে দেশের সব চা-শ্রমিক ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নিতে চায়, সেখানে তারা নির্বাচন ছাড়াই ক্ষমতা দখলের অপচেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় আমরা সরকারের উচ্চপর্যায়ে আমাদের দাবি তুলে ধরতে স্মারকলিপি দিয়েছি।’
এ বিষয়ে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেন রেড টাইমস-কে বলেন, ‘চা শিল্পের স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চা-শ্রমিকদের দেওয়া স্মারকলিপি শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হবে। পাশাপাশি তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবেও অবহিত করা হবে।’