রাজশাহীর বাঘায় আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর ঈদ উপহার পেলেন বাঘা উপজেলার কমান্ডার, দল নেতা-দলনেত্রী।
শনিবার (১৪ মার্চ ২০২৬) বাঘা উপজেলা আনসার ভিডিপির নিজস্ব কার্যালয়ে আনসার ও ভিডিপির কমান্ডারসহ সম্মানী ভাতা প্রাপ্ত ৬৩ জন দলনেতা-দলনেত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এই উপহার প্রদান করা হয়।
মহাপরিচালকের পক্ষ থেকে, বাঘা উপজেলা আনসার ভিডিপি অফিসার শরীফ মাহমুদ ঈদ উপহার বিতরণ করেন। উপহার বিতরণকালে শরীফ মাহমুদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাঠপর্যায়ে কর্মরত ভিডিপি সদস্যদের উৎসাহ ও মনোবল বৃদ্ধির জন্যই মহাপরিচালকের পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হলে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ এবং সততার মনোভাব থাকতে হবে। ভবিষ্যতেও আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি।”
উল্লেখ্য, বাহিনীর মনোগ্রাম সম্বলিত ব্যাগে সম্মানী ভাতা প্রাপ্তদের ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাউল, সেমাই, লাচ্ছা,গুড়া দুধ,সুজি, লুডুস, চিনি ও সয়াবিন তেল। ঈদ সামগ্রী পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেন এবং এ ধারা আগামীতেও চলমান রাখার জন্য অনুরোধ করেন।