ঈদযাত্রা নিরাপদ করতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে প্রশাসনের যৌথ অভিযান
ঈদযাত্রা নিরাপদ করতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে প্রশাসনের যৌথ অভিযান
editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
Manual2 Ad Code
স্বপন কুমার সিং :
আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
আজ সোমবার বিকাল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান শান্ত।
অভিযানে অংশ নেয় জিআরপি, আরএনবি এবং শায়েস্তাগঞ্জ থানাপুলিশ। অভিযানের মূল লক্ষ্য ছিল ট্রেনযাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং নিরাপদে ও নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করা। একই সঙ্গে টিকিট কালোবাজারি, ছিনতাই এবং মাদকাসক্তদের স্টেশন এলাকায় অবস্থান রোধে বিশেষ নজরদারি চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম, শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার এসআই শাহআলম, স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং স্টেশন এলাকা ছিনতাই, মাদক ও টিকিট কালোবাজারিমুক্ত রাখতে রেল মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা পর্যায়ে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে পুলিশ, আরএনবি ও রেলওয়ের সংশ্লিষ্ট টিম অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে বলেন, টিকিট চেকিং আরও জোরদার করতে হবে এবং টিকিট ছাড়া কেউ যেন স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে। প্রয়োজনে শায়েস্তাগঞ্জ থানা ও জিআরপিকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।