নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর ডা. এম. এ. মান্নান। তাঁর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার(২৬ এপ্রিল ২০২৬) দুপুরে আয়োজিত এক সাদামাটা কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তির অংশ হিসেবে শিক্ষা উপকরণ ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডা. এম. এ. মান্নান বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে তাদের শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।” তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে এটি এলাকায় শিক্ষার প্রতি আগ্রহ ও ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।
উল্লেখ্য, গত মার্চ মাসে নাগরপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকেই বৃত্তিপ্রাপ্তদের নির্বাচন করা হয়।