আজ বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত মে ১৪, ২০২৬, ০৭:০০ অপরাহ্ণ
কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual5 Ad Code

তিমির বনিক:

মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (১৩ই মে) রাতে শহরের একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে শুক্লা সিনহা (২৪) নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত সিংহের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুক্লা সিনহা চাকরির কারণে দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরে একাই বসবাস করতেন। তিনি মুসলিম কোয়ার্টার এলাকার মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পাশাপাশি শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন।

বুধবার দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। পরে শুক্লার মা পরিচিত জনদের মাধ্যমে মেয়ের খোঁজ নেওয়ার অনুরোধ করেন।

Manual5 Ad Code

খোঁজ নিতে গিয়ে প্রতিবেশীরা দেখতে পান, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে আটকানো। দীর্ঘ সময় ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ দেখা দেয়। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তারা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ দৃশ্য দেখে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ও শোক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Manual3 Ad Code

এদিকে শুক্লা সিনহার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের অনেকেই জানান, তিনি শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন। নিয়মিত কর্মস্থলে যাতায়াত করতেন এবং সবার সঙ্গে আন্তরিক আচরণ করতেন। হঠাৎ তার এমন মৃত্যুতে হতবাক হয়ে পড়েছেন পরিচিত ও স্বজনরা।

ঘটনাটি ঘীরে স্থানীয়দের মধ্যেও নানান প্রশ্ন দেখা দিয়েছে। তরুণীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

Manual4 Ad Code