হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি বাইপাস সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতজাল শনিবার (১৬ মে) রাত প্রায় ১১টার দিকে চলন্ত ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)। আব্দুল কাইয়ুম স্থানীয়ভাবে একজন মুদিমাল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রাতে ছেলে জাকিরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ধুলিয়াখাল এলাকায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন আব্দুল কাইয়ুম। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার পর মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন বাবা-ছেলে। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।