একজন মা—যিনি সন্তানের মুখে হাসি ফোটাতে জীবনের সবটুকু উজাড় করে দেন। সেই মায়ের জীবনের শেষ অধ্যায় যদি কাটে অবহেলা, নিঃসঙ্গতা আর অমানবিক পরিবেশে, তবে তা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়া দেয়।
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মৃত্যুকে ঘিরে উঠে আসা হৃদয়বিদারক ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বস্তরের মানুষের আলোচনায় উঠে এসেছে একটাই প্রশ্ন—”মায়ের প্রতি এ কেমন আচরণ?”
এ ঘটনার প্রেক্ষিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরপর আজ বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এ কে এম আনিসুর রহমানকে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, তাঁকে অবিলম্বে বর্তমান কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় নির্দেশনাটি স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে।
জানা গেছে, নূর জাহান বেগমের সন্তানদের মধ্যে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন স্কুলশিক্ষিকা রয়েছেন। কিন্তু জীবনের শেষ সময়ে বৃদ্ধা মায়ের অবস্থার যে চিত্র সামনে এসেছে, তা সাধারণ মানুষকে গভীরভাবে ব্যথিত করেছে।
মরদেহ উদ্ধারের সময় বাসার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই বৃদ্ধা নারীটি অবহেলার মধ্যে জীবন কাটাচ্ছিলেন। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের হৃদয়ে নেমে আসে বেদনার ছায়া।
পল্লবী থানা পুলিশ সংবাদমাধ্যম কে জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দরজায় সাড়া না পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। প্রতিবেশীরাও এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের বলেন, “পিতা-মাতার ভরণপোষণ আইন রয়েছে। আইনের আলোকে বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী সন্তানদের ওপর বাবা-মায়ের ভরণপোষণ, চিকিৎসা ও নিয়মিত খোঁজখবর রাখার আইনি বাধ্যবাধকতা রয়েছে। আইন অমান্য করলে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধানও রয়েছে।
একজন মা সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। সেই মায়ের শেষ সময়ে যদি পাশে দাঁড়ানোর মানুষ না থাকে, তবে সেটি শুধু আইনের নয়, মানবতারও পরাজয়। নূর জাহান বেগমের মৃত্যু তাই নতুন করে মনে করিয়ে দিল—বৃদ্ধ বাবা-মায়ের প্রতি দায়িত্ব শুধু আইন নয়, এটি সন্তানের নৈতিক ও মানবিক কর্তব্য।