নীলফামারীর ডিমলায় আকস্মিক বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় সেলিনা বেগম (৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আলম ইসলাম নাউতারা নিজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত সেলিনা বেগম একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর এলাকায় তীব্র বজ্রপাত হলে নিজ বাড়ির পাশে অবস্থানরত আলম ইসলাম বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশেই অবস্থান করা গৃহবধূ সেলিনা বেগমও বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত সেলিনাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আহত গৃহবধূকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।