আজ শুক্রবার (১৯ জুন) ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে মৌলভীবাজার লোকনাথ মন্দির প্রাঙ্গণে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশন ও মৌলভীবাজারের স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৭৫ জন শিক্ষার্থীসহ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয় মৌলভীবাজারের অধ্যক্ষ অ্যাডভোকেট ভূষণজিৎ চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ ভাটিয়া, জনাব মিজানুর রহমান টিপু (সভাপতি, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি), ড. মো. আবু তাহের, অ্যাডভোকেট অমূল্য কুমার ঘোষ, ডা. এ. কে. জিল্লুল হক ও শীলা তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীরা প্রায় ৩০ ধরনের যোগাসন ও প্রাণায়াম প্রদর্শন করেন। এরপর আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য ও স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য জলযোগের ব্যবস্থা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’-এর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিয়মিত যোগচর্চা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সমাজের সব বয়সী মানুষকে দৈনন্দিন জীবনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে স্বাস্থ্য সচেতনতা ও মানবিক সম্প্রীতির এক অনন্য বার্তা ছড়িয়ে পড়ে।