আজ রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ডুয়েটে ২ দিনব্যাপী সিএসই কার্নিভাল সমাপ্তি

editor
প্রকাশিত জুন ২৮, ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ণ
গাজীপুরে ডুয়েটে ২ দিনব্যাপী সিএসই কার্নিভাল সমাপ্তি

Manual1 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণা ও সৃজনশীল চিন্তার বিকাশে আয়োজিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ২দিনব্যাপী সিএসই কার্নিভাল-২০২৬ বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া এবং বিডিরেন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিত। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের শতাধিক বিশ্ববিদ্যালয় থেকে এক হাজার ২০০ ও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এবারের কার্নিভাল জাতীয় পর্যায়ের একটি বড় প্রযুক্তি উৎসবে পরিণত হয়েছে।
তিনি বলেন, শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তৈরির মাধ্যমে দক্ষ প্রযুক্তিবিদ ও গবেষক গড়ে তুলতে ডুয়েটের সিএসই বিভাগ ধারাবাহিকভাবে কাজ করছে।
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল ধারণা দেশের প্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, কম্পিউটার সায়েন্স কেবল প্রোগ্রামিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের অন্যতম হাতিয়ার। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়েই সমাজের নানা সমস্যার কার্যকর সমাধান সম্ভব। কার্নিভালে প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প কৃষি, স্বাস্থ্য, প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে তিনি মন্তব্য করেন।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং ইনোভার্স বাংলাদেশের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কার্নিভাল-২০২৬-এর ডুয়েট চ্যাপ্টারের প্রজেক্ট ডিরেক্টর ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব।
২ দিনব্যাপী এ কার্নিভাল আয়োজন করে ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। ডুয়েট কম্পিউটার সোসাইটি ও হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভসের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১,২০০ শিক্ষার্থী অংশ নেন।
কার্নিভালে আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শোকেস, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইইউপিসি) এবং এআই হ্যাকাথনসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে ২ দিনব্যাপী প্রযুক্তি উৎসবের সফল সমাপ্তি ঘটে।