টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের অন্তত ১৬টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আগামী ৭২ ঘণ্টায় ১৬ জেলায় বন্যার আশঙ্কা
কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
Manual4 Ad Code
সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও ফেনী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিচু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
Manual3 Ad Code
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
Manual5 Ad Code
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে চট্টগ্রাম বিভাগে অতি ভারী এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও ব্যাপক বৃষ্টি হয়েছে, যার প্রভাব বাংলাদেশের সীমান্তবর্তী নদীগুলোতে পড়তে শুরু করেছে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এবং ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।