আজ মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার্তদের পুনর্বাসনে ভিন্নধর্মী উদ্যোগ: লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা

editor
প্রকাশিত জুলাই ১৪, ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ণ
বন্যার্তদের পুনর্বাসনে ভিন্নধর্মী উদ্যোগ: লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা

Manual3 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর এখন সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসন। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর পাশে দাঁড়াতে এক ব্যতিক্রমী ও গঠনমূলক উদ্যোগ নিয়েছে ‘লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন’।
​সোমবার (১৩ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে পুনর্বাসনের জন্য সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
​সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং প্রয়োজনের তীব্রতা বিবেচনা করে প্রকৃত ভুক্তভোগীদের হাতে এই আর্থিক অনুদান তুলে দেন। মূলত ঘরবাড়ি সংস্কার এবং পুনরায় জীবনযাত্রার চাকা সচল করার লক্ষ্যেই এই নগদ অর্থ দেওয়া হচ্ছে।
​সাধারণত বন্যার সময়ে বা ঠিক পরপরই বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন শুকনা খাবার বা ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকে। লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, ​”বন্যার মূল ধকলটা শুরু হয় পানি নেমে যাওয়ার পর, যখন মানুষ নিজেদের বিধ্বস্ত ঘরবাড়িতে ফেরে। অর্থসংকটের কারণে অনেকেই ঘর মেরামত করতে পারেন না। তাই আমরা চিরাচরিত ত্রাণের গণ্ডি থেকে বেরিয়ে বন্যা-পরবর্তী টেকসই পুনর্বাসনের ওপর জোর দিয়েছি। নগদ অর্থ সহায়তা পাওয়ায় পরিবারগুলো তাদের তাৎক্ষণিক ও জরুরি প্রয়োজন অনুযায়ী তা খরচ করতে পারছে।”
​ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, লোহাগাড়ার প্রতিটি ক্ষতিগ্রস্ত অঞ্চলে তাদের এই মাঠপর্যায়ের জরিপ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। বন্যার্তদের পুনর্বাসনে সংগঠনের এই মানবিক কর্মসূচি ও অর্থ সহায়তা অব্যাহত থাকবে।