আজ সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গেটম্যানবিহীন রেলক্রসিংয়ে প্রাণ গেল ব্যবসায়ীর; পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকার, আহত চালক

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
গেটম্যানবিহীন রেলক্রসিংয়ে প্রাণ গেল ব্যবসায়ীর; পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকার, আহত চালক

Manual1 Ad Code
রেডটাইমস  নিউজ | স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
১৯ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন গেটম্যানবিহীন রেলক্রসিংয়ে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর সাইফুল ইসলাম সাদ (২৪) সরাইল উপজেলার চাঁনমনিপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ হেলালের ছেলে। আহত তামিম আহমেদ (২৭) সরাইল উপজেলার বগলাহাটি গ্রামের সাইদুল হকের ছেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগর থেকে সরাইলগামী একটি প্রাইভেটকার মুকুন্দপুর রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের ওপর আটকে পড়ে। এ সময় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস দ্রুতগতিতে এসে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ভেতরে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মীর সাইফুল ইসলাম সাদকে মৃত ঘোষণা করেন। আহত তামিম আহমেদ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস রেডটাইমস  নিউজকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনের ওপর আটকে পড়েছিল। ঠিক তখনই পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি এসে গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় ক্রসিংয়ে কোনো গেটম্যান দায়িত্বে ছিলেন না বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা নং-২৭/২৬, তারিখ: ১৮/০৭/২০২৬ রুজু করা হয়েছে। নিহত মীর সাইফুল ইসলাম সাদ (২৪), পিতা-মৃত মোহাম্মদ হেলাল, মাতা-হালিমা, সাং-চাঁনমনিপাড়া, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং আহত তামিম আহমেদ (২৭), পিতা-সাইদুল হক, সাং-বগলাহাটি, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া বলে নথিভুক্ত করা হয়েছে।
ওসি আবদুল কুদ্দুস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ ও গেটম্যানবিহীন রেলক্রসিংগুলোতে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানিয়েছেন।