আজ বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ৩১ দফার অঙ্গীকার থেকে সরে এসেছে : জলঢাকায় আখতার হোসেন

editor
প্রকাশিত জুলাই ২৩, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
বিএনপি ৩১ দফার অঙ্গীকার থেকে সরে এসেছে : জলঢাকায় আখতার হোসেন

Manual5 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া ৩১ দফার অঙ্গীকার থেকে সরে এসেছে।
মঙ্গলবার (২১ জুলাই) শেষ বিকেলে নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
আখতার হোসেন বলেন, নির্বাচনের আগে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্বাচনের পাঁচ মাস পার হলেও সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন হয়নি। বরং তারা একে একে তাদের অঙ্গীকার থেকে সরে আসছে।
তিনি বলেন, দেশের মানুষ শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রব্যবস্থার সংস্কারের প্রত্যাশায় গণঅভ্যুত্থান ও গণভোটে অংশ নিয়েছিল। সেই গণরায় বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।
আখতার হোসেনের দাবি, বিএনপি তাদের ৩১ দফায় সংবিধান সংস্কার, ভোটাধিকার নিশ্চিতকরণ ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কথা বললেও এখন সেসব বিষয়ে আগের অবস্থানে নেই।
তিনি আরও বলেন, জনগণ এনসিপির প্রতি আস্থা রেখেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও এনসিপি সমর্থিত প্রার্থীরা অংশ নেবেন। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ভোটাধিকার নিশ্চিত হবে, প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে এবং সব ধর্মের মানুষ সমান মর্যাদায় বসবাস করতে পারবেন।
পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “উত্তরবঙ্গ উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। শিল্প, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে বৈষম্য দূর করতে জুলাই গণভোটের রায় বাস্তবায়ন প্রয়োজন।”
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তাঁর বক্তব্যে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দাবি করেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।”
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওনের সভাপতিত্বে পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ,জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেসুর রহমান মাস্টার, বাংলাদেশ খেলাফত মজলিস জলঢাকা উপজেলা সভাপতি মাওলানা জাফর আহমদসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।