সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
Manual2 Ad Code
শনিবার (১৫ আগস্ট) দিনগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলে বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে একজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাকি দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।
Manual4 Ad Code
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু এবং ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী বলেন, গভীর রাতে পরিকল্পিতভাবে বিএনপি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ২০২৪ সালে সরকার পতনের পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তি এলাকায় গোপনে অবস্থান করছেন। রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যেই হামলার ঘটনা ঘটতে পারে বলে তারা দাবি করেন।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
Manual2 Ad Code
কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সুএঃ যুগান্তর