আজ শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা, আ. লীগ নেতার গোডাউনে আগুন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা, আ. লীগ নেতার গোডাউনে আগুন

Manual6 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

কুষ্টিয়া সদর উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির ৫-৬ নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ বিএনপি সমর্থকরা হামলায় নেতৃত্ব দেয়া আওয়ামীলীগ নেতার বাড়ি ভাঙচুর করে এবং তার পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেয়।

Manual5 Ad Code

এ ঘটনায় গ্রামজুড়ে উত্তেজনা ও আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে এসব ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী বসে দলীয় আলোচনা ও মুড়ি-চানাচুর খাচ্ছিলেন। এ সময় পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কার্যালয়ে হামলা চালায়।

হামলাকারীরা কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করেন বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও  কার্যালয়ে থাকা ৫-৬ জন নেতাকর্মীকে মারধর করে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, কয়েকদিন আগে মিছিলকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ কয়েকজনকে আসামি করা হয়। মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরার পর রুহুলের নেতৃত্বেই হামলা ও ভাংচুর চালানো হয়।

হামলার খবর ছড়িয়ে পড়ার পর এলাকার পরে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা রুহুল আমিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। বাড়ির কাছে একটি পাটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Manual8 Ad Code

পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুর রহমান অভিযোগ করে বলেন, ‘নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা রুহুলের নেতৃত্বে কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমাদের নেতা-কর্মীদের মারধর করে রক্তাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।’

Manual8 Ad Code

পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম বলেন, ‘আমি বাইরে আছি। এই ঘটনা খুব বেশি কিছু একটা জানি না। জেনে আপনাকে জানাতে পারব।’

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘ফ্যাসিবাদীরা পার্টি অফিসে হামলা চালিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’