আজ শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

Manual4 Ad Code
স্বপন কুমার সিং  নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আলহাজ মো. জি কে গউছ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ও প্ল্যান্ট ব্রিডিং–সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক সাদিয়া তাসনিম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. জি কে গউছ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে তাঁদের নতুন পথচলার শুরু হয়েছে। ওরিয়েন্টেশনের মাধ্যমে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও জ্ঞান কাজে লাগিয়ে দেশ ও কৃষির উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। কৃষকের উন্নতি হলে দেশেরও উন্নতি হবে। তাই কৃষিবিষয়ক জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের দেশের মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, নবীন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় কাজ করছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও গবেষণাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশের কৃষি এবং সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. উম্মা হাবিব।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা অনুষ্ঠানে বক্তব্য দেন। তাঁরা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে নিয়মিত অধ্যয়ন, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের ভবিষ্যতে দক্ষ কৃষিবিদ ও গবেষক হিসেবে গড়ে উঠে দেশের কৃষি খাতের উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।