সিলেট-ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন মহাসড়কে বেআইনিভাবে সিএনজি অটোরিক্সা, ইজিবাইক, টমটম চলাচল বন্ধ ও নতুনভাবে সিএনজি অটোরিক্সার রেজিষ্ট্রেশন দেয়ার পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুরর বাস মিনিবাস মালিক গ্রুপ।
শনিবার (১৪ জুন) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর টার্মিনাল রোড আছমা ম্যানশনস্থ গ্রুপের প্রধান কার্যালয়ে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শাহ নুরুর রহমান শাহনূর।
বক্তারা, সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পাকিস্তান আমল থেকে সিলেটের বিভিন্ন সড়কে এই গ্রুপের মালিকরা সাধারণ মানুষকে যাত্রীসেবা দিয়ে আসছেন। সম্প্রতি অবৈধভাবে এসব সিএনজি অটোরিক্সাসহ অনুমোদনবিহীন ব্যাটারী চালিত টমটম, ইজিবাইক চলাচলের ফলে বাস-মিনিবাসের মারাত্মক আর্থিক ক্ষতি হচ্ছে। সেই সাথে সড়কে শৃঙ্খলা বিঘ্নিতসহ ছিনতাই, দূর্ঘটনা অহরহ ঘটছে। বক্তারা এ ব্যাপারে প্রশাসনের প্রতি আইনানুগ ব্যবস্থা নেয়ার আহবান জানান। তারা বলেন, কতিপয় ব্যক্তি বেআইনীভাবে কিছু অটোরিক্সার রেজিষ্ট্রেশন নেয়ার জন্য পায়তারা করছে। কোন অবস্থায় এই রেজিষ্ট্রেশনের পায়তারা মেনে নেয়া হবে না, অনথ্যায় পরিবহন মালিক-শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হবেন।