মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ধরা পড়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (৪২)। তিনি মৃত ছিদ্দিক মিয়ার ছেলে এবং শহরের সোনার বাংলা রোড এলাকার স্থায়ী বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে থানার এসআই (নিরস্ত্র) মোঃ মহিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পুরো অভিযানটি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় পরিচালিত হয়।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাত ১০টা ৫০ মিনিটে একই এলাকায় স্থানীয় জনতা ইয়াবাসহ এক যুবক আকাশ দাশকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তখন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও মূল আসামি স্বপন মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা নং-২৪(০৮)২৫ দায়ের করা হয়, যেখানে স্বপনকে পলাতক আসামি হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার স্বপন মিয়ার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে চেনে সবাই।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত স্বপন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।