জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
Manual8 Ad Code
বুধবার (২৫ নভেম্বর) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন শুরু করেন। মারধরের শিকার শিক্ষার্থীর নাম রমযান আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে বিশমাইল এলাকা থেকে একটি রিকশায় ওঠেন রমযান। এ সময় অপরিচিত এক লোক রিকশাচালককে লাঠি দিয়ে আঘাত করতে গেলে তা জাবি শিক্ষার্থীর শরীরে লাগে। পরে এ বিষয়ে ওই লোকের কাছে জানতে চাইলে উল্টো রমযানকে কয়েক দফা মারধর করা হয়। একপর্যায়ে ঘটনার প্রতিবাদ করায় তাকে একটি কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের শিক্ষার্থীরা ডেইরি গেট এলাকায় জড়ো হন। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
Manual3 Ad Code
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার কাজ চলছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টি সমাধানে একটি টিম কাজ করছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে আশুলিয়ার বিশমাইল এলাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এখনো অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’