আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের শেষ দিনে যেমন ছিল সচিবালয়

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
সরকারের শেষ দিনে যেমন ছিল সচিবালয়

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

বহুল আলোচিত অন্তর্বর্তী সরকারের শেষ কার্যদিবস পার হয়েছে আজ (১০ ফেব্রুয়ারী) মঙ্গলবার। এদিনও সচিবালয়ের নিরাপত্তা নিয়ে স্বস্তি ছিল না।

এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সচিবালয়মুখী বিভিন্ন আন্দোলনের কারণে পাঁচটি গেটের বেশির ভাগই বন্ধ রাখতে হয়েছে। আজও তিনটি গেট বন্ধই ছিল।

আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের ৩, ৪ ও ৫ নম্বর গেট বন্ধ ছিল। তবে যথারীতি খোলা ছিল সচিবালয়ের ১ ও ২ নম্বর গেট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর একাধিকবার বিভিন্ন পক্ষের আন্দোলনকারীরা গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতা থেকেই সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে সচিবালয়ের বেশিরভাগ গেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়, যা শেষ দিন পর্যন্ত বহাল ছিল।

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ডেপুটি কমিশনার এ কে এম জহিরুল ইসলাম আজ রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সচিবালয় একটি সিকিউর এলাকা। এখানে নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিতে হয়।’

তিনি বলেন, ‘বর্তমানে নির্বাচনের ডিউটির কারণে আমাদের অনেক সদস্য বিভিন্ন দায়িত্বে আছেন, এটাও একটা কারণ।’
১২ ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এ উপলক্ষে সচিবালয়ের জুনিয়র অফিসারদের বেশিরভাগই নির্বাচনী দায়িত্বে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। ফলে চলতি সপ্তাহের শুরু থেকেই সচিবালয় অনেকটাই ফাঁকা ছিল।

আগামীকাল নির্বাচন উপলক্ষে ছুটি শুরু হচ্ছে। তাই আজ দুপুর থেকেই সচিবালয় ফাঁকা হতে শুরু করে। সচিবালয়ের এমন চেহারা সাধারণত ঈদের ছুটির আগের দিনে দেখা যায়।
স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ‍যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে কর্মচারীদের মধ্যে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। তবে, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকটি অনুবিভাগ ব্যস্ত সময় পার করেছে। তাদের অনেকে নির্বাচন সম্পর্কিত কাজে ব্যস্ত ছিল, কেউবা আগামী সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে।

শেষ কর্মদিবসে সরকার প্রধানও ব্যস্ত দিন পার করেছেন। আজ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) নির্বাচন পর্যবেক্ষক দল, জাপানের ইলেকশন অবজারভার মিশন এবং ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভার মিশন পৃথকভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

Manual5 Ad Code

এর আগে শহিদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া, সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

এদিকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ও বিভাগের উপদেষ্টারা শেষ কর্মদিবসেও ব্যস্ত দিন পার করেছেন। অনেক উপদেষ্টা গণমাধ্যমে নিজের কর্মকালীন অর্জন অবহিত করেছেন।
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ দুপুরের দিকে তার নেতৃত্বাধীন মন্ত্রণালয়গুলোর কার্যক্রম ও অর্জন তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন।

Manual6 Ad Code

তার আওতাধীন মন্ত্রণালয়গুলোর দুর্বলতাগুলো চিহ্নিত করে গত ১৬ মাসে তিনি নিষ্ঠার সঙ্গে সংস্কার কার্যক্রম পরিচালনার দাবি করে বলেন, নারী ও শিশু এবং জুলাই কন্যাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় আজ সকালে ইকোপার্কের উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিকেলের দিকে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন অর্জন তুলে ধরেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুর ডিসি অফিসে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিতসহ সরেজমিন বিভিন্ন জায়গায় ভোটের প্রস্তুতি দেখভাল করেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন অন্তর্বর্তী সরকারের সময়কালে নিজ নিজ অর্জন তুলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

 

Manual5 Ad Code

তথ্য সুএঃ দ্যা ডেইলি স্টার