জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সচিব ও সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে কয়েকটি মন্ত্রণালয়ে সচিব পরিবর্তনের পাশাপাশি একজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব জেতী প্রু।
Manual3 Ad Code
প্রজ্ঞাপনগুলোতে জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
Manual4 Ad Code
আদেশ অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
Manual4 Ad Code
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একই মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়েছে। অন্যদিকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) পদে বদলি করা হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।