আজ , ,

বাংলাদেশ-ভারতসহ ডজনখানেক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প

editor
প্রকাশিত November 25, 2026, 05:47 PM
বাংলাদেশ-ভারতসহ ডজনখানেক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। এসব দেশ নিজস্ব শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ অভিযোগের ভিত্তিতে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।

Manual7 Ad Code

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রস্তাবিত শুল্কের আওতায় আসতে পারে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, ও কম্বোডিয়া, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা শুল্কসংক্রান্ত তদন্তের পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Manual4 Ad Code

অন্যদিকে, সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা ইউএসটিআরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

যেভাবে আরোপ হতে পারে নতুন শুল্ক

১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় গত ১১ মার্চ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ আরও ১৩টি দেশের শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তার বিষয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। এ আইনে কোনো দেশের অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া গেলে দেশটির পণ্যের ওপর শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

ডব্লিউএসজের প্রতিবেদন অনুযায়ী, ইউএসটিআর প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে এসব দেশের কোম্পানিগুলো কম দামে পণ্য রপ্তানি করে বিশ্ববাজারে সরবরাহ বাড়াচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন উৎপাদকরা।

Manual2 Ad Code

তদন্তের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হতে পারে। দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যই এর আওতায় আসার আশঙ্কা রয়েছে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো কিছু শিল্পপণ্য নতুন শুল্কের বাইরে থাকতে পারে। এসব পণ্যের ওপর জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পৃথক আইনের আওতায় আগে থেকেই শুল্ক আরোপ করা রয়েছে।

নতুন শুল্কের চূড়ান্ত হার এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ সালে প্রেসিডেন্ট ট্রাম্প যে ধরনের শুল্ক নির্ধারণ করেছিলেন, এবারও কাছাকাছি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট তাঁর প্রথম দফার শুল্ক বাতিল করার আগে এসব শুল্ক নির্ধারণ করা হয়েছিল।

এর আগে গত জুলাইয়ে বিদেশি সরবরাহব্যবস্থায় বাধ্যতামূলক বা জবরদস্তিমূলক শ্রম ব্যবহারের অভিযোগে তদন্ত শেষ করে ইউএসটিআর। ওই তদন্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের এক ডজন বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরা হয়। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে চলমান তদন্তের আওতায় থাকা ১৬টি অর্থনীতির সব কটিই ওই তালিকায় ছিল। ফলে জুলাইয়ে প্রস্তাবিত শুল্কের সঙ্গে নতুন শুল্কও যুক্ত হতে পারে।

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় নতুন চাপ

এদিকে, কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে এ চুক্তির কাঠামো চূড়ান্ত হয়েছিল। তবে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ)-এর আওতায় আগে আরোপ করা শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর বিষয়টি আবার আলোচনার টেবিলে ফিরে আসে।

প্রস্তাবিত চুক্তির আওতায় মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে চায় নয়াদিল্লি। এ ক্ষেত্রে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্কসুবিধা পাওয়ার চেষ্টা করছে ভারত। নতুন শুল্ক আরোপের উদ্যোগ দুই দেশের চলমান বাণিজ্য আলোচনায় নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

Manual1 Ad Code