আজ , ,

ভোররাতে বেড়া থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও বাস ভাঙচুর

editor
প্রকাশিত November 29, 2026, 07:23 PM
ভোররাতে বেড়া থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও বাস ভাঙচুর

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

পাবনার বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করে।

Manual8 Ad Code

রোববার (২৯ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে বেড়া মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশের গুলিবর্ষণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিকাল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

নতুন করে সহিংসতার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর পৌনে ৪টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী ও সমর্থক একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে বেড়া মডেল থানার দিকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ করে গালিগালাজ ও স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা থানায় কয়েকটি ককটেল নিক্ষেপ করেন এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালান। এ সময় মিছিলকারীরা আগের দিন শনিবার রাতে গ্রেফতার হওয়া কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগের চার কর্মীকে ভোর ৬টার মধ্যে মুক্তি না দিলে বড় ধরনের নাশকতার হুমকি দেন।

সূত্র জানায়, বিক্ষোভকারীরা এতই মারমুখী ছিলেন যে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। এ অবস্থায় পুলিশ মিছিলকারীদের উদ্দেশে কাঁদানে গ্যাসের কয়েকটি শেল নিক্ষেপসহ শটগানের ১২০ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন। থানা এলাকা থেকে সরে গিয়ে হামলাকারীরা বেড়া শহীদ খালেক স্টেডিয়ামের আশপাশে মশাল মিছিল করেন ও সড়কে আগুন ধরিয়ে দেন। এ সময় পাবনা-ঢাকা রুটের ‘আলহামরা’ পরিবহণের একটি বাস ভাঙচুর করা হয়। প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালিয়ে তারা এলাকা ছেড়ে চলে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকাল ৪টার পর কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগের কর্মীরা মিছিল নিয়ে বেড়া মডেল থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে চার নারী কর্মীকে গ্রেফতার করে। এর জের ধরেই ভোরে থানায় হামলার ঘটনা ঘটে।

এদিকে ভোর সাড়ে ৬টার দিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শহীদ খালেক স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে নাশকতাবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এর আগে গত ১৯ থেকে ২১ নভেম্বর লকডাউন কর্মসূচি চলাকালেও বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সে সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে ২১ নভেম্বর রাতেই বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করে পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ভোররাতে একটি মিছিল থেকে থানায় ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। জানমাল রক্ষায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এছাড়া রাতে গ্রেফতার হওয়া চার নারীর বিরুদ্ধে প্রচলিত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গ্রেফতার চার নারীর পরিচয় প্রকাশে ওসি অনিচ্ছা প্রকাশ করেন।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code