আজ , ,

গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

editor
প্রকাশিত November 29, 2026, 05:36 PM
গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে গাছের গুঁড়ি এবং বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে শহরের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে।

অবরোধের কারণে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। এতে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন প্রয়োজনে যাতায়াতকারীরা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে।

রোববার সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের চলাচল প্রায় বন্ধ। কিছু অলিগলিতে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলতে দেখা গেলেও মূল সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। বিভিন্ন স্থানে গাছ কেটে এবং গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

Manual1 Ad Code

সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম ৭ মার্চ চত্বরে একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখতে দেখা যায়। এতে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ লাইনস থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫ থেকে ২০টি গাড়ির একটি টহল দল সেখানে পৌঁছালে বিক্ষোভকারীরা বাধা দেন। পরে টহল দলটি সেখান থেকে ফিরে বাইপাস সড়ক ব্যবহার করে।

এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর, নিমতলা মোড়, ডুমদিয়া বাসস্ট্যান্ড, সোনারসুর, বিজয়পাশা, পাইককান্দি, চন্দ্রদিঘলিয়া ও গোপীনাথপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে গাছ ও অন্যান্য সামগ্রী ফেলে অবরোধ করা হয়েছে।

Manual4 Ad Code

কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া, চাপতা, টুকুবাজার, লিটন বাজার, ভাটিয়াপাড়া মোড়, পোনা ও মাঝিগাতিসহ বিভিন্ন স্থানেও একই পরিস্থিতি দেখা গেছে। অন্যদিকে গোপালগঞ্জ-বরিশাল সড়কের বেদগ্রাম, মাঝিগাতী, কাঠি, দত্তডাঙ্গা ও কাজুলিয়া এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে।

কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, ওয়ালারহাট, সিকির বাজার ও পয়সার হাটসহ কয়েকটি এলাকায় এবং মুকসুদপুর কলেজ মোড় ও বড়ইতলা এলাকায়ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।

সকাল থেকেই গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সড়কে যান চলাচল বন্ধ থাকার পাশাপাশি জেলায় আগে থেকেই ট্রেন চলাচল বন্ধ থাকায় যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় জরুরি কাজে বের হওয়া ব্যক্তিদের বিকল্প পথ খুঁজতে হচ্ছে। পাশাপাশি কর্মস্থল ও ব্যবসাপ্রতিষ্ঠানে যেতে না পেরে বিপাকে পড়েছেন অনেকে। পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

অবরোধের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা। রোববার দুপুর ১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় সকাল থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রের উদ্দেশে রওনা হন। তবে যানবাহন না পেয়ে অনেককে হেঁটে কিংবা রিকশায় গন্তব্যে যেতে হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ৫৬ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং দুই হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

রোববার বেলা ২টা পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের সহিংসতা কিংবা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

Manual2 Ad Code

এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার কার্যালয়ে গিয়েও বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।