পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিক হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
Manual3 Ad Code
শুক্রবার (১লা মে) সন্ধ্যায় নতুনহাট গ্রিন সিটি আবাসিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান।
মারা যাওয়া চুরকিন ভ্লাদিমির (৪০) রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্গো’তে কর্মরত ছিলেন। তিনি প্রকল্পের গ্রিন সিটি আবাসিকের একটি ভবনে বসবাস করতেন।
Manual7 Ad Code
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুনহাট গ্রিন সিটি আবাসিকের ভেতরে ব্যায়াম করছিলেন ভ্লাদিমির। এ সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে ফ্লোরে লুটিয়ে পড়েন।
Manual2 Ad Code
সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।
ওসি আসাদুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
“তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
এরপর সংশ্লিষ্ট দূতাবাস ও প্রকল্প কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহ রাশিয়ায় তার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।