আজ সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে দুই রাতে আট মন্দিরে চুরি

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে দুই রাতে আট মন্দিরে চুরি

Manual7 Ad Code
রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনায় টানা চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গত ৩ ও ৫ সেপ্টেম্বর রাতে মোট আটটি মন্দির ও ঠাকুরঘরে চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই রাতে ভীমসী বাজার ও আশপাশের এলাকায় একটি সার্বজনীন ও তিনটি পারিবারিক মন্দিরে চুরি হয়। এছাড়া শাসন গ্রামের শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরসহ চারটি ঠাকুরঘরে চুরির ঘটনা ঘটে।

চোরেরা মন্দিরের প্রণামীর বাক্স ভেঙে নগদ টাকা এবং পূজার পিতল ও কাঁসার বাসনপত্র ও পিতলের মূর্তি চুরি করে নিয়ে যায়।

Manual8 Ad Code

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ভুনবীর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, “দুই রাতে মোট আটটি স্থাপনায় চুরি হয়েছে। মাদকাসক্ত ব্যক্তিরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।”

পাত্রীকুল শ্রীশ্রী শিববাড়ি পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ জীবন দেব উদ্বেগ প্রকাশ করে বলেন, “চুরির ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ক্ষত সৃষ্টি হয়েছে। জনমনে যাতে আতঙ্ক ছড়ায় এজন্য  দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, গত শুক্রবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো মন্দির কমিটির পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, “চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।”

Manual2 Ad Code

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Manual7 Ad Code