চুনারুঘাটে সংরক্ষিত বন থেকে কাঠ পাচারের চেষ্টা, আটক ২
চুনারুঘাটে সংরক্ষিত বন থেকে কাঠ পাচারের চেষ্টা, আটক ২
editor
প্রকাশিত November 4, 2026, 01:58 AM
Manual8 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাটে সংরক্ষিত বনাঞ্চল থেকে আকাশমণি গাছ কেটে পাচারের সময় দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ২৮ টুকরা আকাশমণি কাঠ, যার পরিমাণ ২২ ঘনফুট, এবং কাঠ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
সোমবার (২রা নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটের ডেওয়াতলী ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় উপকারভোগীদের সহযোগিতায় শাহপুর বিটের বিট কর্মকর্তা রতিন্দ্র কিশোর রায়ের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় কাঠ পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার শাহপুর এলাকার মো. খোকন মিয়া (৩৩) ও সুমন মিয়া (৩০)। আটকের পর তাঁদের রঘুনন্দন রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়। উদ্ধার করা কাঠ ও ট্রাক্টরটিও বন বিভাগের হেফাজতে রয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে চুনারুঘাটে হবিগঞ্জ জেলা বন বিভাগের কার্যালয়ে সরাসরি আলাপকালে হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মাহদী হাসান রেডটাইমস নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আটক ব্যক্তিরা সংরক্ষিত বনাঞ্চল থেকে আকাশমণি গাছ কেটে পাচারের চেষ্টা করছিলেন। স্থানীয় উপকারভোগীদের সহায়তায় বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। তাঁদের আদালতে সোপর্দ করার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় বন মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
বন বিভাগের হেফাজতে বর্তমানে জব্দ করা ২৮ টুকরা আকাশমণি কাঠ (২২ ঘনফুট) ও ট্রাক্টরটি রয়েছে।