নীলফামারীতে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জলঢাকা থানাধীন খালিশা খুটামারা (পশ্চিম খুটামারা) মুন্সিপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে। স্থানীয়ভাবে তিনি একজন শিক্ষক হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক মাদকসংক্রান্ত মামলা থাকার কথাও জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদন সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) দুপুরে নীলফামারী আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের প্রধান ফটকের দক্ষিণ পাশে ওয়াপদা মোড় থেকে মানিকের মোড়গামী পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় জাহিদুল ইসলামকে আটক করে তল্লাশি করা হলে তাঁর প্যান্টের দুই পকেটে থাকা দুটি জিপারযুক্ত প্যাকেট থেকে ৪৫ পিস করে মোট ৯০ পিস লালচে-কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর-০৫, তারিখ ২ নভেম্বর ২০২৬।
পরে তাঁকে আদালতে সোপর্দ করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবি, জাহিদুলের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। একজন শিক্ষক হিসেবে পরিচিত ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ও ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে তাঁকে গ্রেপ্তার করায় পুলিশের প্রশংসা করেছেন স্থানীয়রা।
শিক্ষকতার মতো সম্মানজনক পেশায় যুক্ত একজন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।