অনলাইন ডেস্ক
রাজধানীর ক্যান্টনমেন্টের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনে পাকা সড়কে একটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। বিস্ফোরণের পর তারা দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।
এ ঘটনায় কেউ আহত হয়নি। বিস্ফোরণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।