আজ শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে না দিলে ২০ লাখ মানুষের সমাবেশের হুঁশিয়ারি

editor
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে না দিলে ২০ লাখ মানুষের সমাবেশের হুঁশিয়ারি

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত ২৭ সেপ্টেম্বরের আগে আর আদিয়ালা কারাগারে যাবেন না বলে জানিয়েছেন দেশটির খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। তিনি বলেন, এর মধ্যে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না পেলে ওই দিন ২০ লাখ লোকের সমাবেশ করা হবে।

ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী বলেন, ‘২৭ সেপ্টেম্বরের আগে আমি শেষবারের মতো আদিয়ালায় এসেছি। সরকার নিজে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেই কেবল আমি আবার ফিরে আসব।’

আদিয়ালা কারাগারের পরিস্থিতি তুলে ধরে মুখ্যমন্ত্রী আফ্রিদি অভিযোগ করেন, কর্তৃপক্ষ কোনোভাবেই ইমরান খানের সঙ্গে কাউকে দেখা করতে দিতে চায় না। আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বারবার পিটিআই নেতা-কর্মী ও আইনজীবীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

হাইকোর্টের আদেশ অমান্য করার চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, আদালত সপ্তাহে দুবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও সেই আদেশ বাস্তবায়ন করা হচ্ছে না, যা দেশের আইন ও বিচারব্যবস্থার ওপর বড় ধরনের আঘাত। এমন পরিস্থিতিতে রাজপথে নেমে তীব্র প্রতিবাদ জানানো ছাড়া দলের সামনে আর কোনো পথ খোলা নেই বলে জানান এই পিটিআই নেতা।

আফ্রিদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বৈঠকের অনুমতি দেওয়া না হলে দলের ‘ডি-চক’ প্রতিবাদের অংশ হিসেবে গতকাল রাত ১০টা থেকে দেশজুড়ে সড়ক অবরোধ করবেন পিটিআইয়ের কর্মীরা।

Manual6 Ad Code

জাতীয় ও পিটিআইয়ের পতাকা হাতে রাজপথে নামার জন্য দলীয় কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে পিটিআইদলীয় প্রাদেশিক মুখ্যমন্ত্রী বলেন, ‘এই প্রতিবাদ এই বার্তা দেবে যে ২০২২ সালের এপ্রিল থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার প্রতি যে আচরণ করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না।’

পিটিআইয়ের গণমাধ্যম শাখার তথ্য অনুযায়ী, বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। কর্মীরা মোড়ে মোড়ে গিয়ে ইমরান খানের পক্ষে স্লোগান দিয়েছেন।

আফ্রিদি অভিযোগ করেন, এমনকি সরকারি মন্ত্রীরাও স্বীকার করছেন, দেশ ও দেশের শাসনব্যবস্থা অকার্যকর হয়ে গেছে, যা প্রমাণ করে সরকার ব্যর্থ হয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের জনগণ তাদের সমস্যাগুলোর সমাধান চায় এবং কেবল ইমরান খানই তা নিশ্চিত করতে পারেন। ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষকে সঙ্গে নিয়ে তিনি ইসলামাবাদের দিকে পদযাত্রা করবেন।

তিনি সতর্ক করে বলেন, এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে নীরব থাকা সম্ভব নয় এবং সরকার বৈঠকে বাধা দিলে সারাদেশে কঠোর সড়ক অবরোধ কর্মসূচি জোরদার করা হবে।

Manual8 Ad Code

ইমরান খানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করে খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী দাবি করেন, পাকিস্তানের চলমান সংকট ও রাজনৈতিক অস্থিরতার একমাত্র সমাধান কেবল ইমরান খানের নেতৃত্বেই সম্ভব। আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদের দিকে এই গণপদযাত্রা কর্তৃপক্ষের জন্য একটি দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code