শুধু আল-মুসলিম গ্রুপ নয়, চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। শিল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ছয়টি শিল্প এলাকার ৭৯টি কারখানায় মোট ৭ হাজার ৭৮৪ শ্রমিক ছাঁটাই হয়েছেন। এসব কারখানার অধিকাংশই তৈরি পোশাক খাতের। এর মধ্যে সবচেয়ে বেশি ছাঁটাই হয়েছে আশুলিয়ায়, যেখানে ৩৫টি কারখানা থেকে ৪ হাজার ৯৭২ শ্রমিক চাকরি হারিয়েছেন। গাজীপুরে ৩৩টি কারখানায় ছাঁটাই হয়েছেন ১ হাজার ৯৪৬ শ্রমিক। চট্টগ্রামে পাঁচটি কারখানায় ৫১৫ জন, ময়মনসিংহে একটি কারখানায় ২৫২, খুলনায় দুটি কারখানায় ৮১ ও নারায়ণগঞ্জে তিনটি কারখানায় ১৮ শ্রমিক ছাঁটাই হয়েছেন। কুমিল্লা ও সিলেট অঞ্চলে এ সময়ে কোনো ছাঁটাইয়ের ঘটনা ঘটেনি।
সাভার-আশুলিয়া এলাকায় শ্রমিক সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ঈদকে কেন্দ্র করে এ অঞ্চলের বিভিন্ন শিল্প-কারখানা থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন। এর মধ্যে উলাইল এলাকার একেএম নিটওয়্যার লিমিটেড থেকে ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনি এলাকার প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার থেকে ৫২৯ ও আশুলিয়ার আল-মুসলিম অ্যাপারেলস থেকে ৫৩ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। সব মিলিয়ে আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে ছাঁটাই করা হয়েছে ১ হাজার ৮৬৮ শ্রমিক।
এছাড়া সাঙ্গু টেক্সটাইল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ১২৪ শ্রমিককে। জি ম্যাক্স ক্লদিং লিমিটেড থেকে ২০০ জন, পার্ল গার্মেন্টস প্রাইভেট লিমিটেড থেকে ৩০০, মাছিহাতা সোয়েটার লিমিটেড থেকে ১০০, এভারবাইট সোয়েটার লিমিটেড থেকে ১০০, গ্লোবাল আউটওয়্যার লিমিটেড থেকে ৭০০ ও টি ডিজাইন লিমিটেড থেকে ১০০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।

