আজ বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে একই সময়ে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ণ
সারাদেশে একই সময়ে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

Manual5 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, হেনস্তা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার প্রতিবাদে সারাদেশে একই দিনে ও একই সময়ে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে একসঙ্গে এ কর্মসূচি পালন করা হয়।
এর অংশ হিসেবে সিলেট বিভাগের সিলেট, কুলাউড়া, শ্রীমঙ্গল, শমসেরনগর, ভানুগাছ ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সময়ে নোয়াপাড়া, মনতলা, হরষপুর, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও ভৈরব রেলওয়ে স্টেশনেও কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।
সিলেট রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সিলেট শাখার সভাপতি মো. জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী যেন হামলা, হেনস্তা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। পদমর্যাদা ভিন্ন হতে পারে, কিন্তু নিরাপত্তার অধিকার সবার সমান।
তিনি বলেন, কর্মকর্তা কিংবা কর্মচারী—দায়িত্ব পালনকালে যে কেউ হামলার শিকার হলে সমানভাবে প্রতিবাদ, তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা গেলে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা আরও নির্বিঘ্নে যাত্রীসেবা ও সরকারি দায়িত্ব পালন করতে পারবেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, হেনস্তা কিংবা দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর্মস্থলে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
সিলেটের পাশাপাশি কুলাউড়া, শ্রীমঙ্গল, শমসেরনগর, ভানুগাছ, শায়েস্তাগঞ্জ, নোয়াপাড়া, মনতলা, হরষপুর, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও ভৈরবসহ বিভিন্ন রেলওয়ে স্টেশনে একই সময়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচি থেকে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত, দায়িত্ব পালনে হামলা-হেনস্তা বন্ধ এবং কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।