কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
editor
প্রকাশিত আগস্ট ২০, ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতক্ষীরার দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বজনরা জানিয়েছেন, নিহত দুজন হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজু (৪৫) ও রেবতী সরকার (৩৫)। তারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে।
বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে এলাকায় খবর পৌঁছানোর পর নিহতের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
Manual2 Ad Code
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আলিমুজ্জামান সাজু কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে। পেশায় তিনি ঘের ব্যবসায়ী ছিলেন। তার নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরের ব্যথার চিকিৎসা নিতে পাঁচ-ছয় দিন আগে ভারতে গিয়েছিলেন সাজু। বুধবার তার দেশে ফেরার কথা ছিল। তবে এর আগেই রাতে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর পান স্বজনরা।
সাজুর বড় ভাই সাহেব আলী সরদার জানান, বুধবার সন্ধ্যায় ভাইয়ের খোঁজে তার মোবাইলে কল দিলে কলকাতার একটি থানা থেকে পুলিশ সদস্য ফোন রিসিভ করেন। তিনি জানান যে অগ্নিকাণ্ডে সাজু মারা গেছেন। পরে ছবি দেখে তারা পরিচয় নিশ্চিত করেন। সাজুর বড় ভাবি তানিজা আক্তার জানান, সাজু অবিবাহিত ছিলেন এবং হজ পালন করার পর থেকেই নিভৃত জীবন যাপন করতেন। তিনি সাজুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
অন্যদিকে, একই দুর্ঘটনায় নিহত রেবতী সরকার কালিগঞ্জের তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী। প্রতিবেশীরা জানিয়েছেন, রেবতী ১১ দিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তার স্বামী ভবেশ সরকার ইটভাটার শ্রমিক। তার ছোট ভাই তপন সরকার জানান, ফোনকলের মাধ্যমে তারা রেবতীর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছেন।
Manual6 Ad Code
কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে আজ ভোরে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে সংবাদপত্র-মিডিয়াসূত্রে জানা গিয়েছে। এই খবর জানার সঙ্গে সঙ্গেই কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের সম্পর্কে তথ্য যোগাড় করার চেষ্টা করেছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে সাতক্ষীরার দুইজন নিহতের খবর পাওয়ার পর তারা এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার ওই হোটেলে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় নাগরিক। নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী (৬৪)। এ ছাড়া ঢাকার সাভারের আমিনবাজার এলাকার আহমেদ বাবু (৪০) অগ্নিকাণ্ডে মারা গেছেন।