মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের সহযোগিতায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান।
আবৃত্তিশিল্পী দেবাশীষ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
উৎসবে চূড়ান্তভাবে নির্বাচিত ৭০ জন বিজয়ের মধ্য থেকে আটজনকে ‘বেস্ট রিডার’ হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিজয়ী ফাতেমা জাহান, অদ্রিজা পাল, মো. আসাদুজ্জামান সিহাব, রাজশ্রী হালদার রাজন্যা, উম্মে কুলসুম মীম, ফাতেমা সুলতানা, তাসনুবা সুহা ও উম্মে নাফিসা মাইমুনার হাতে সনদ, ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় গান ও নৃত্য পরিবেশিত হয়।
আয়োজকরা জানান, ‘বই পড়ি মন গড়ি’ স্লোগানকে প্রতিপাদ্য করে শ্রীমঙ্গল উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী দুই মাসব্যাপী এই বই পড়া উৎসবে অংশ নেয়।