ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে আজ দুপুর ০১ টা ৫ মিনিটে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ট্রেনটি স্টেশনে অবস্থানকালে ছাদে ভ্রমণের অভিযোগে তিন যুবককে আটক করা হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, টিকিট পরীক্ষক (টিটি) মো. আরিফ ট্রেনের ছাদে অবস্থানরত কয়েকজন যুবককে শনাক্ত করেন। পরে রেলের নিরাপত্তাকর্মী মো. আলামিন ও রেলওয়ে পুলিশ সদস্য মো. সোহাগের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় দুইজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা সম্ভব হয়।
আটক যুবকদের শ্রীমঙ্গল স্টেশনের টিটি কার্যালয়ে নিয়ে প্রায় ৩০ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নামমাত্র জরিমানা আদায় করে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে ট্রেনের ছাদে ভ্রমণ না করার জন্যও তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিরা নিজেদের বাড়ি নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও শায়েস্তাগঞ্জ এলাকায় বলে পরিচয় দেন। তবে তাদের পরিচয় ও বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রেলওয়ে কর্মকর্তারা জানান, ট্রেনের ছাদে ভ্রমণ আইনত নিষিদ্ধ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন থাকে, তেমনি যাত্রীদের মালামাল ছিনতাইয়ের ঘটনাও ঘটতে পারে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবহিত নই।”
তবে রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ছাদে ভ্রমণ ও টিকিটবিহীন যাতায়াতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।